নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে ১৪ বছর পূর্বে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর মিঠু হত্যায় তিনজনকে যাবজ্জীবন আটকাদেশ দিয়েছে শিশু আদালত।
পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের আটকাদেশ দেয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন
দন্ডিতরা হল- নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মাতুব্বরের ছেলে রেজাউল মাতুব্বর, একই এলাকার সেকেন্দার হাওলাদারের শাহিন হাওলাদার ও ফারুক সরদারের ছেলে রোজেন সরদার। রায় ঘোষনার সময় রেজাউল পলাতক ছিলো।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ক্রিকেট খেলা নিয়ে নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা খালেক খানের ছেলে একে স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র মিজানুর রহমান মিঠুর সাথে তর্ক-বিতর্ক হয়। এ জেরে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারী বিকেলে মিঠু ক্রিকেট খেলে বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে ভাটিখানা আবেদা বাগের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় মিঠুর বাবা খালেক খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করে। মামলায় নামধারী ১১ জন অজ্ঞাত আরো ৭ জনকে আসামী করা হয়। পরে কাউনিয়া থানার কার্যক্রম শুরু হলে মামলার তদন্ত থানার এসআই হেমায়েল কবিরের উপর অর্পন করা হয়। তদন্তকারী কর্মকর্তা ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১৪ জনের স্বাক্ষ্য নিয়ে তিনজনকে যাবজ্জীবন আটকাদেশের রায় দেন। অপর চার আসামীকে খালাস দিয়েছেন।##



