বিশেষ প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবকে ঘিরে দিবসটি পালন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে গৌরনদীস্থ লাখেরাজ কসবা গ্রামে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ১১টায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা কবর জিয়ারত করেন।
দুপুর ১২টায় উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের ফলক উন্মোচন করা হয়। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছর ধরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের স্মরণে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এমনকি তাঁর নামে প্রতিষ্ঠিত চত্বর ও দুটি তোরণ ভেঙে ফেলা হয়। ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
তিনি আরও বলেন, “১৫ বছর পর এই প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবকে স্মরণ করে স্বাধীনভাবে কর্মসূচি পালন করা হয়েছে। প্রশাসনের সহায়তায় চত্বর পুনর্নির্মাণ ও শহীদ মিনার সংস্কার করে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালন করা হয়েছে।”
এ উপলক্ষে “ভাষা আন্দোলন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব” শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কন্যা মহুয়া মাহবুব খান, ভাষা আন্দোলন মিউজিয়ামের পরিচালক লিপি মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, ওসি মোঃ ইউনুস মিয়া, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিএনপির উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান ও বিএনপি নেতা এস. এম. মনিরুজ্জামান মনির।
আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএম/জ/রা



