ডেস্ক রিপোর্টঃ জুলাই ঘোষণাপত্র নিয়ে সংশোধিত ও সর্বজনগ্রাহ্য নথি প্রস্তুতের লক্ষ্যে অভিমত চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী পদক্ষেপ হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে অভিমত আহ্বান করা হয়েছে। অভিমত চিঠি মারফত পাঠানোর জন্য ২৩ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
চিঠি পাঠানোর ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়। বার্তায় আরও জানানো হয়, প্রাপ্ত অভিমতগুলো বিশ্লেষণ করে একটি সর্বসম্মত ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং তা জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
এ উদ্যোগের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সবার সম্মতিতে প্রতিষ্ঠিত নথি তৈরি করা সম্ভব হবে বলে আশা করছে প্রধান উপদেষ্টার কার্যালয়।



