― Advertisement ―

তুরস্কে মদ পানে ৩৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ তুরস্কের ইস্তানবুলে ভেজাল মদ পানে তিন দিনে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ। এছাড়া আরও ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, মদের উচ্চমূল্যের কারণে অনেকেই বিকল্প হিসেবে ভেজাল মদের দিকে ঝুঁকছেন, যার ফলে এই ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তুরস্কে ভেজাল মদ জব্দে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

ইস্তানবুলের গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৯ টন ভেজাল মদ জব্দ করা হয়েছে এবং ৬৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। নকল মদ বিক্রির দায়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, “নকল মদ বিক্রি করে আমাদের নাগরিকদের জীবন কেড়ে নেওয়া ব্যক্তিদের আমরা সন্ত্রাসীদের থেকে আলাদা মনে করি না। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

তুরস্কে ভেজাল মদের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, যা সামাজিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

বিএম/সজীব