― Advertisement ―

চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীন সফরে গেছেন। চীনের কিংডাও শহরে অনুষ্ঠেয় আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার। খবর বিবিসির।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির সহযোগী প্রকাশনা ‘ইউয়ুয়ানতানতিয়ান’ নাসিরজাদেহর চীন পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে আজ। ভিডিওতে দেখা যায়, প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন আজিজ নাসিরজাদেহ।

চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এই ফোরামের আয়োজক। বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এ ব্লকে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ অন্তর্ভুক্ত।