আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার অবিলম্বে বাতিল করা হোক অথবা তাকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া হোক।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে লেখেন, “বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করতে হবে অথবা নিজের দেশকে এত ভালোভাবে সেবা করা মহান বীরকে ক্ষমা করে দিতে হবে।”
নেতানিয়াহু ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা এবং জনবিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। ২০২০ সাল থেকে ইসরায়েলের আদালতে তার বিচার চলছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
নেতানিয়াহুর আগামী সোমবার ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলেও জানান ট্রাম্প।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিবের আদালতে গত ১৩ জুন নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে জেরা শুরু হয়েছে। যা আগামী এক বছর চলতে পারে।
ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হারজোগের ক্ষমা করার এখতিয়ার থাকলেও তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, “বিষয়টি আপাতত আলোচনায় নেই” আর “এ নিয়ে কোনো আবেদনও জমা পড়েনি”।
তবে ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসা করে লিখেছেন, “আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকেও বাঁচাবে”।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচারিক প্রক্রিয়াকে মি. ট্রাম্প কীভাবে প্রভাবিত করার কথা ভাবছে সেটি এখনো স্পষ্ট না।



