বিশেষ প্রতিনিধি :
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা। এ উপটলক্ষে আজ সোমবার দুপুরের নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান, এই কর্মসূচিতে ব্যাপক মানুষের সমাগম ঘটবে বলে তাঁরা আশা করছেন।
সংবাদ সম্মেলনে বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবু সাঈদ মুসা জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বরিশালে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর নগরের ফজলুল হক অ্যাভিনিউতে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
পথসভায় কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান সংগঠক (দক্ষিণ) হাসানাত আবদুল্লাহ এবং প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সংবাদ সম্মেলনে আবু সাঈদ মুসা বলেন, এর আগে দেশের বিভিন্ন স্থানে এনসিপির পথসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সারা পাওয়া গেছে। বরিশালেও আমরা অন্তত ৩০ হাজার মানুষের অংশগ্রহণ আশা করছি’।
তিনি আরও জানান, কর্মসূচি সফল করতে সোমবার ও মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
আবু সাঈদ মুসা বলেন, ‘এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এরপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশালে এই পদযাত্রা ও পথসভা হবে। এনসিপির কেন্দ্রীয় নেতারা রূপাতলী থেকে পরিবহন যোগে নগরের হাসপাতাল রোডে অমৃত লাল দে কলেজের মুখে অবস্থান নেবেন। এরপর সেখান থেকে তাঁরা পদযাত্রা করে হাসপাতাল রোড হয়ে জেলখানার মোড় থেকে সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় আসবেন। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শেষ করবেন।



