― Advertisement ―

৫৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার গাজা সিটির একটি বাজারে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এ ছাড়াও এক ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণ কেন্দ্রে হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী গাজার বাজারে চালানো হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, নুসাইরাতে যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তারা একজন ফিলিস্তিনি যোদ্ধা ছিলেন, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ইসরায়েলের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত গাজায় ৫৮ হাজার ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময়ে ঘটছে, যখন গাজায় পানির সংকট চরমে পৌঁছেছে। জ্বালানির ঘাটতির কারণে পানি বিশুদ্ধকরণ এবং পয়ঃনিষ্কাশন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। ফলে অনেক বাসিন্দাকে সীমিত সংখ্যক পানি সংগ্রহ কেন্দ্রে বিপজ্জনকভাবে যেতে হচ্ছে।