― Advertisement ―

রাশিয়া-ইউক্রেনে হামলায় নিহত ১৯

রাশিয়া ও ইউক্রেনে নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট ২০২৬) দুই দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলায় উভয় দেশের বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে ১ হাজার ৫৫০টির বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেড বিমানবোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তিনি মিত্র দেশগুলোর কাছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

এদিকে যুদ্ধক্ষেত্রে লড়াই প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা কার্যত বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডের গভীরে দীর্ঘপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসের পর এবারই বেসামরিক মানুষের প্রাণহানি সবচেয়ে বেশি পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।