দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার পর যুদ্ধ, সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন (Refugee Convention) মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) ৭৫ বছরে পা দিয়েছে। সমর্থকদের মতে, আন্তর্জাতিক এই চুক্তি গত কয়েক দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই কনভেনশন একজন শরণার্থী কে—তার আন্তর্জাতিক সংজ্ঞা নির্ধারণ করে, তাদের অধিকার নিশ্চিত করে এবং স্বাক্ষরকারী দেশগুলোর জন্য শরণার্থীদের প্রতি ন্যূনতম আচরণগত মানদণ্ড নির্ধারণ করে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া এবং কঠোর অভিবাসন নীতির কারণে এই কনভেনশনের প্রতি সম্মান ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠানোর নীতি গ্রহণ করা হয়, যা দেশটির দীর্ঘদিনের আশ্রয়নীতি থেকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হয়।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক সংঘাত, জলবায়ু সংকট এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের গুরুত্ব আজও আগের মতোই প্রাসঙ্গিক।



