― Advertisement ―

দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন নৌল, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

শক্তিশালী টাইফুন নৌল (Noul) রবিবার (২৬ জুলাই) ভোরে দক্ষিণ চীনের উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে হংকংসহ গুয়াংডং প্রদেশে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দুর্যোগের আশঙ্কায় ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইডং কাউন্টির উপকূলে টাইফুন নৌল আঘাত হানে।


প্রতিকূল আবহাওয়ার কারণে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, ২৫ ও ২৬ জুলাই মিলিয়ে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও সম্ভাব্য বন্যা এবং ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।