― Advertisement ―

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের কার্গো জাহাজডুবি, নিখোঁজ ১৭ নাবিকের সন্ধানে তিন দেশের যৌথ অভিযান

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে বৈরী আবহাওয়ায় ভিয়েতনামের একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ১৭ নাবিকের সন্ধানে ভিয়েতনাম, চীন ও ফিলিপাইনের যৌথ উদ্ধার অভিযান চলছে।

ভিয়েতনামের খোই নগুয়েন–১৮ (Khoi Nguyen 18) নামের কার্গো জাহাজটি ৬২ জন আরোহী নিয়ে শনিবার (২৫ জুলাই) রাতে ফায়ারি ক্রস রিফ–এর কাছে ডুবে যায়। এলাকাটি দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে চীনের নির্মিত একটি সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজডুবির পর এ পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন। জাহাজটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

ভিয়েতনামের অনুরোধে ফিলিপাইন কোস্ট গার্ড একটি টহল জাহাজ ও একটি বিমান উদ্ধার অভিযানে পাঠিয়েছে। পাশাপাশি চীনের উদ্ধারকারী জাহাজ, হেলিকপ্টার এবং আশপাশে থাকা মাছ ধরার নৌযানও অনুসন্ধান কার্যক্রমে অংশ নিয়েছে।

ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতার আওতায় অনুসন্ধান অভিযান পরিচালিত হচ্ছে। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে উন্নত সার্চ প্ল্যানিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে এবং আশপাশের জাহাজগুলোকে উদ্ধারকাজে সহায়তার জন্য নৌ-সতর্কতা জারি করা হয়েছে।

ভিয়েতনাম সরকার জানিয়েছে, নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় জেলেদেরও অনুসন্ধান অভিযানে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে দেশটি।

দক্ষিণ চীন সাগর দীর্ঘদিন ধরে চীন, ভিয়েতনাম, ফিলিপাইনসহ একাধিক দেশের মধ্যে আঞ্চলিক বিরোধের কেন্দ্রবিন্দু। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয়।