― Advertisement ―

ব্যাংককের পাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত বেড়ে ৩২, হাসপাতালে এখনও ৩০ জন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি লাইভ মিউজিক পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হওয়ার পর বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে পুলিশ হাসপাতাল। একই সঙ্গে অগ্নিকাণ্ডে অবহেলার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


রোববার (১২ জুলাই) মধ্যরাতের কিছু আগে রাজধানীর উত্তরাঞ্চলের চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফ্রাও (Rong Beer Na Lat Phrao) নামের একতলা পাবটিতে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ও ঘন ধোঁয়া পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা বহু মানুষ বের হওয়ার সুযোগ পাননি।


থাইল্যান্ডের এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ব্যাংককের বিভিন্ন হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। এ ছাড়া চিকিৎসা শেষে ৪৪ জন হাসপাতাল ছেড়েছেন।


সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডগুলোর একটি। দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।