― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

দলীয় কার্যালয়ে শারীরিক নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

ভোলার মনপুরা উপজেলায় এক প্রান্তিক কৃষককে চৌকিদার (গ্রামপুলিশ) দিয়ে জোরপূর্বক দলীয় কার্যালয়ে ধরে এনে শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার (ন্যাড়া) ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য তথা বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকের নাম আলাউদ্দিন। তিনি মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে স্থানীয় রিপোর্টার্স ইউনিটিতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন দুলালের বিরুদ্ধে এই বর্বরতার বর্ণনা দেন। গত শনিবার সকালে ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার দলীয় কার্যালয়ে এই নির্যাতনের ঘটনা ঘটে, যার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন জানান, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি ইতিপূর্বে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। পরবর্তীতে উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যস্থতায় সেই বিরোধের মীমাংসা হলেও, শনিবার হঠাৎ নারী ঘটিত একটি মিথ্যা অভিযোগ তুলে গ্রামপুলিশ দিয়ে তাঁকে ধরে আনা হয়। দলীয় কার্যালয়ে আটকে রেখে ইউপি সদস্য দুলাল নিজে তাকে মারধর করেন এবং মাথার চুল কেটে দিয়ে বাজারে বাজারে ঘুরিয়ে চরমভাবে অপদস্থ করেন। সামাজিক ও পারিবারিকভাবে চরম হেনস্থার শিকার হয়ে ওই কৃষক বর্তমানে তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান।

এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খোদ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব। মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, দলীয় কার্যালয়ের ভেতরে এমন অমানবিক ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যদিকে, মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবীরা বিষয়টিকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ভুক্তভোগীকে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন দুলাল। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গণমাধ্যমের মারফত ঘটনাটি তারা জানতে পেরেছেন। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।