অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে রানওয়ের কাছাকাছি দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ অল্পের জন্য এড়ানো গেছে। ঘটনাটি তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি)।
রোববার (১০ আগস্ট) সিডনি বিমানবন্দরের টারমাকে জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ ও কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ কাছাকাছি চলে আসে। পরে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এটিএসবি জানায়, কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশে উড্ডয়নের জন্য জেটস্টারের বিমানটি ট্যাক্সি করছিল। এ সময় উড়োজাহাজটির ক্রুরা দেখতে পান, একটি এয়ারক্রাফট টাগ দিয়ে টেনে নেওয়া কাতার এয়ারওয়েজের বিমানটি পাশের একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে খুব কাছাকাছি অবস্থান করছে।
ঘটনার পর এটিএসবি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। দুই বিমানের মধ্যে ঠিক কীভাবে এতটা কাছাকাছি অবস্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।



