― Advertisement ―

ট্রাম্পের সমর্থনও রক্ষা করতে পারল না, টেনেসিতে প্রাইমারিতে হেরে গেলেন রিপাবলিকান কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস টেনেসির রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে চলতি সপ্তাহে ট্রাম্প-সমর্থিত দ্বিতীয় কোনো প্রার্থী দলীয় প্রাইমারিতে হেরে গেলেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত টেনেসির ৫ম কংগ্রেশনাল জেলার রিপাবলিকান প্রাইমারিতে সাবেক টেনেসি কৃষি কমিশনার চার্লি হ্যাচার দুই মেয়াদের কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলসকে পরাজিত করেন।


ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওগলসকে “পূর্ণ ও নিঃশর্ত সমর্থন” দেওয়ার ঘোষণা দেন। তিনি লেখেন, “কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস দারুণ কাজ করছেন। তিনি একজন রক্ষণশীল যোদ্ধা এবং নিজের কমিউনিটির শক্ত সমর্থন পেয়েছেন।”


এটি এমন এক সপ্তাহ, যেখানে মিশিগানেও ট্রাম্প-সমর্থিত আরেক রিপাবলিকান প্রার্থী দলীয় প্রাইমারিতে হেরে যান। তবে একই সময়ে ট্রাম্পের সমর্থন পাওয়া আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন অঙ্গরাজ্যে জয়ও পেয়েছেন।


প্রাইমারিতে বিজয়ীরা আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে অংশ নেবেন। ওই নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে।


টেনেসির ৫ম জেলার সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী চার্লি হ্যাচারের প্রতিদ্বন্দ্বী হবেন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ী কলাম্বিয়া শহরের মেয়র চ্যাজ মোল্ডার।


২০২৩ সাল থেকে টেনেসির ৫ম জেলা প্রতিনিধিত্ব করা অ্যান্ডি ওগলস দায়িত্ব পালনকালে একাধিক বিতর্কের মুখোমুখি হন। নির্বাচনী তহবিল সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত হলেও শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।


এ ছাড়া ইসলাম ও মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণেও তিনি সমালোচিত হন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেছিলেন, “মুসলিমদের আমেরিকান সমাজে জায়গা নেই” এবং “আমেরিকা ও ইসলাম পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়”।


অন্যদিকে, টেনেসির আরেকটি প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্প-সমর্থিত আমির হাসান প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে ছিলেন। টম স্মিথ, যিনি জুলাইয়ে নিজের প্রচারণা স্থগিত করে অন্য এক প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন, তার চেয়েও তিনি পিছিয়ে পড়েন।


তবুও রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের সমর্থন এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। চলতি সপ্তাহে তার সমর্থন পাওয়া বেশ কয়েকজন প্রার্থী জয়ও পেয়েছেন। মিশিগানে জন জেমস গভর্নর পদে রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করেছেন। কানসাসে রিপাবলিকানরা গভর্নর পদে ট্রাম্পের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের একটি প্রাইমারিতে ট্রাম্প-সমর্থিত আমান্ডা ম্যাককিনি প্রথম হয়েছেন।


এবারের প্রাইমারি মৌসুমে অস্বাভাবিক সংখ্যক বর্তমান আইনপ্রণেতা দলীয় মনোনয়ন হারিয়েছেন। ভাইটাল স্ট্যাটিস্টিকস অন কংগ্রেস-এর তথ্য অনুযায়ী, পুনর্বিন্যাসবিহীন (নন-রিডিস্ট্রিক্টিং) নির্বাচনী চক্রে ১৯৭০ সালের পর এবারই সবচেয়ে বেশি বর্তমান সদস্য দলীয় প্রাইমারিতে হেরেছেন। এ পর্যন্ত ছয়জন ডেমোক্র্যাট এবং তিনজন রিপাবলিকান মনোনয়ন হারিয়েছেন।