― Advertisement ―

ওহাইও নদীতে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৫ জনের মৃত্যু, সাঁতারু উদ্ধার করতে গিয়েই প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে নদীতে ডুবে পাঁচজনের মৃত্যু; বিপদে পড়া এক সাঁতারুকে বাঁচাতে গিয়ে একে একে পানিতে নামেন কয়েকজন, শেষ পর্যন্ত পাঁচজনই প্রাণ হারান


যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিপদে পড়া এক সাঁতারুকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চারজন প্রাপ্তবয়স্ক পানিতে নামেন। শেষ পর্যন্ত উদ্ধার অভিযানই প্রাণঘাতী হয়ে ওঠে।


ডেলাওয়্যার কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৯ জুলাই) রাতে ওহাইওর রাজধানী কলম্বাস শহর থেকে প্রায় ১০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ও’শনেসি রিজার্ভয়ারের সায়োটো নদীতে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে একজন সাঁতারু নদীতে সমস্যায় পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন দুইজন। পরে তাদেরও বিপদে পড়তে দেখে আরও দুইজন প্রাপ্তবয়স্ক উদ্ধার অভিযানে অংশ নেন। কিন্তু প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত পাঁচজনই ডুবে মারা যান।
শেরিফের কার্যালয় আরও জানায়, ঘটনাস্থলে থাকা দুই শিশুর একজন দৌড়ে কাছের একটি সড়কে গিয়ে এক গাড়িচালকের সহায়তা চায়। শিশুটি চালককে জানায়, “তার পরিবারের সদস্যরা নদীতে রয়েছে।” এরপর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় প্রকাশের আগে তাদের পরিবারের সদস্যদের অবহিত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।