ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ঠেকানোর কথা জানিয়ে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি খ্রিস্টান অধ্যুষিত গ্রাম তাইবেহে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
রোববার (৯ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী গ্রামটিকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করে। এর ফলে তাইবেহে অ-বাসিন্দা ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ওই এলাকায় ইসরায়েলিদের চালানো কয়েকটি সহিংস হামলার কারণে তাইবেহকে বন্ধ সামরিক অঞ্চল ঘোষণা করা হয়েছে।
তবে সামরিক বাহিনী জানিয়েছে, এই আদেশ কেবল ইসরায়েলিদের ক্ষেত্রে প্রযোজ্য; ফিলিস্তিনিদের চলাচলের ওপর এটি প্রযোজ্য নয়।
পশ্চিম তীরের অন্যতম খ্রিস্টান গ্রাম হিসেবে পরিচিত তাইবেহে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে।



