― Advertisement ―

ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ভারতীয় কূটনীতিকের ছেলে গৌতম রঙ্গরাজন

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ভারতীয় বংশোদ্ভূত সাবেক বিবিসি নির্বাহী গৌতম রঙ্গরাজনকে সরকারের নতুন ‘এক্সপার্ট অ্যাডভাইজার অন স্ট্রাকচার অ্যান্ড প্রসেস’ হিসেবে নিয়োগ দিয়েছেন।

ডাউনিং স্ট্রিটের সাম্প্রতিক এক ঘোষণায় বলা হয়েছে, করপোরেট কৌশল ও প্রশাসনিক রূপান্তর বিষয়ে রঙ্গরাজনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নতুন দায়িত্বে তিনি ব্রিটিশ সরকারের কাঠামো ও কার্যপ্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন।

গৌতম রঙ্গরাজন একজন সাবেক জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিকের ছেলে। তিনি তিন দশকেরও বেশি সময় বিবিসিতে কাজ করেছেন। ১৯৯৩ সালে বিবিসি রেডিওর ক্লাসিক্যাল মিউজিক বিভাগে প্রশিক্ষণার্থী প্রযোজক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে কৌশল ও নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে তিনি বিবিসির গ্রুপ ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড পারফরম্যান্স পদে নিয়োগ পান। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন এবং পুরো বিবিসির কৌশলগত পরিকল্পনা ও বিভিন্ন বড় ধরনের পরিবর্তন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রঙ্গরাজনের নিয়োগ এমন এক সময়ে হলো, যখন প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় প্রশাসন বা হোয়াইটহল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। তিনি লন্ডনকেন্দ্রিক প্রশাসনিক ক্ষমতা কমিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বেশি ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়ার কথা বলেছেন।

এরই অংশ হিসেবে ম্যানচেস্টারে ‘নম্বর ১০ নর্থ’ নামে একটি নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়ও চালু করা হয়েছে। সরকারের কেন্দ্রীয় কাঠামোকে আরও কৌশলগত ও কার্যকর করতে নতুন অফিস ফর দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

গৌতম রঙ্গরাজনের নতুন দায়িত্ব তাই শুধু একটি প্রশাসনিক পদ নয়; বার্নহ্যামের সরকার পরিচালনার কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার সঙ্গেও এটি সরাসরি যুক্ত।