ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ এবং সিটিজেন্স ব্যাংক পিএলসির মধ্যে এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রাহকদের ব্যাংকিং ও আর্থিক লেনদেন সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্যেই এই সমঝোতা। বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে অবস্থিত সিটিজেন্স ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির মাধ্যমে দেশের ক্যাশলেস অর্থনৈতিক কাঠামোর পরিধি আরও বিস্তৃত হবে বলে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন। নতুন এই সমঝোতার ফলে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, সিটিজেন্স ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং প্রবাসী রেমিট্যান্স বিনিময়ে নতুন গতি আসবে।
চুক্তিতে নগের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ (এফসিএ) এবং সিটিজেন্স ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ। অনুষ্ঠানে নগের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হিমায়ানউদ্দিন আহমেদ ও সিটিজেন্স ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
চুক্তির উদ্দেশ্য ব্যাখ্যা করে সৈয়দ হিমায়ানউদ্দিন আহমেদ বলেন, “গ্রাহকদের সার্বক্ষণিক ও নির্বিঘ্ন সেবা দিতে ব্যাংকিং খাতের সঙ্গে কৌশলগত নেটওয়ার্ক মজবুত রাখা জরুরি। সিটিজেন্স ব্যাংকের সঙ্গে এই যৌথ পথচলা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে, যা প্রান্তিক পর্যায়ের মানুষকে দ্রুত ক্যাশলেস সেবার আওতায় আনবে।”
সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, “নগের সুবিশাল দেশব্যাপী নেটওয়ার্ক কাজে লাগিয়ে আমরা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে নগের মাধ্যমে ন্যানো লোনসহ অন্যান্য আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা বিতরণের পরিকল্পনা আমাদের রয়েছে।”
বর্তমানে দেশের ৪১টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে নগের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট সুবিধা রয়েছে। এ ছাড়া এনপিএসবি প্রযুক্তি এবং সারাদেশে ছড়িয়ে থাকা ১০ লাখ ‘বাংলা কিউআর’ মার্চেন্টের মাধ্যমে ক্যাশলেস অর্থ লেনদেনে নেতৃত্ব দিচ্ছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।



