জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে গত সপ্তাহান্তে ২০টিরও কম পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে বলে সোমবার (২৪ আগস্ট ২০২৬) প্রকাশিত শিপিং ডেটায় জানা গেছে।
জাহাজ ট্র্যাকার কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার (২৩ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ২টা ২৮ মিনিট পর্যন্ত মাত্র চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। এর আগের দিন শনিবার (২২ আগস্ট) এই সংখ্যা ছিল ১৩টি।
তবে জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ থাকায় প্রকৃত সংখ্যা কিছুটা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু জাহাজ প্রণালি পার হওয়ার সময় তাদের অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল।
গত তিন দিনে মোট আটটি অত্যন্ত বড় গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে ছয়টি জাহাজ খালি অবস্থায় উপসাগরে প্রবেশ করে। বাকি দুটি জাহাজ ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে উপসাগর থেকে বেরিয়ে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহনে এই নৌপথের ওপর ব্যাপক নির্ভরশীলতা রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং নৌপথে বিধিনিষেধের কারণে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পরিসংখ্যানও পরিবর্তিত হতে পারে।



