ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ সিরিয়ায় তাদের নিয়ন্ত্রিত ‘নিরাপত্তা অঞ্চলে’ অভিযান চালিয়ে কয়েকজন ‘সশস্ত্র সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।
রোববার (২৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, শনিবার (২৭ জুন) দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে অভিযান চালিয়ে তাদের সদস্যরা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে দক্ষিণ সিরিয়ার একটি অংশকে তারা ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের দাবি, দেশটির বেসামরিক নাগরিক ও সেনাদের প্রতি সম্ভাব্য হুমকি দূর করতেই তারা ওই এলাকায় অবস্থান বজায় রেখেছে।
তবে নিহতদের পরিচয়, তাদের সংগঠন কিংবা অভিযানে ঠিক কতজন নিহত হয়েছে—এসব বিষয়ে ইসরায়েল বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এ ঘটনার বিষয়ে সিরিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি

