রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তির ওপর আয়োজিত এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ এগ্রো-প্রসেসর্স অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে বাপা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপা সভাপতি মাহবুব আনাম, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ শোয়েব হাসান, মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং বাপা কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ।
আয়োজকেরা জানান, এ বছরের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। তিন দিনে ২৪ হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে খোলা থাকবে; প্রথম দুই দিন (১০ ও ১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং শেষ দিন (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান নিয়ন্ত্রণ, গুদামজাতকরণ, কোল্ড চেইন এবং লজিস্টিকস সংক্রান্ত সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অটোমেশন, রোবটিক্স, মেশিন ভিশন, স্মার্ট ফ্যাক্টরি সিস্টেম, আইআইওটি (IIoT) এবং টেকসই প্যাকেজিং দ্রব্যের ওপর গুরুত্ব দেওয়া হবে। মেলায় ৪ হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধান প্রদর্শিত হবে।
বাপা সভাপতি মাহবুব আনাম বলেন, “বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের অগ্রগতির জন্য আধুনিক প্রযুক্তির গ্রহণ অপরিহার্য। এই প্রদর্শনী উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেবে এবং বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।” মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, “বর্তমান ব্যবসায়িক অনিশ্চয়তার মুখে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। এই প্রদর্শনী পুরো ভ্যালু চেইনে দক্ষতা ও টেকসই পরিচালন ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে।”
একই স্থানে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। যেখানে ফাংশনাল ফুড, নিউট্রাসিউটিক্যালস, বিকল্প প্রোটিন ও টেকসই খাদ্য উপাদান প্রদর্শিত হবে। এর পাশাপাশি আয়োজনে থাকছে ‘গ্লোবাল ফুড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি ফোরাম’, ‘সেশন স্টেজ’, ‘এফপি গুরমে’, ‘ড্রিংকস্ফিয়ার’ এবং ‘ক্রিয়েটিভ ডিজাইন ভিলেজ’। প্রদর্শনীতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইতালি ও মালয়েশিয়া।



