সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বন্ধ কলকারখানা চালু এবং সবুজ শিল্পায়নে বেসরকারি খাতের ভূমিকা সরেজমিনে দেখতে রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রাজশাহী নওদাপাড়ায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ‘বারেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল’ পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার (ফুটওয়্যার ও লাগেজ) রাহাত হোসেন রনি এবং কারখানার প্রশাসন প্রধান শরীফ উদ্দিন আহমেদ। অভ্যর্থনা শেষে প্রতিমন্ত্রী কারখানার ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিটগুলো ঘুরে দেখেন এবং কারখানার সামগ্রিক কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা একটি রাষ্ট্রীয় মিলকে স্বল্প সময়ের মধ্যে পরিবেশবান্ধব ও সম্পূর্ণ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর করায় প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যমী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশিত কর্মপরিকল্পনা অনুযায়ী বন্ধ মিলগুলো পুনরায় চালুর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই উৎপাদনের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং প্রাণ-আরএফএল গ্রুপ এই নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার রাহাত হোসেন রনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে বন্ধ থাকা এই কারখানার দায়িত্ব নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। মাত্র তিন মাসের সংস্কার কাজ শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এখানে পুনরায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বর্তমানে কারখানাটিতে ব্যাগ ও লাগেজ উৎপাদনে সরাসরি ২,৫০০ জনের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে নতুন উৎপাদন লাইন যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে শিগগিরই এখানে প্রায় ১২,০০০ মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই শিল্প ইউনিটে তৈরি ব্যাগ ও লাগেজ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি করা হচ্ছে। সম্পূর্ণ রপ্তানিমুখী এই কারখানা প্রাঙ্গণকে একটি মডেল ‘গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ রূপান্তর করতে ইতিমধ্যেই জলাশয় সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ জোরকদমে চলছে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাণ-আরএফএল গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



