― Advertisement ―

ন্যাটোতে হামলা না চালাতে রাশিয়াকে সতর্ক করেছিলেন সিআইএ প্রধান

মস্কো সফরে গিয়ে রাশিয়াকে ন্যাটোর কোনো সদস্যদেশে হামলা না চালানোর বিষয়ে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার র‍্যাটক্লিফের আকস্মিক ও অত্যন্ত গোপনীয় মস্কো সফরের বিষয়টি প্রকাশ্যে আসে। এটি সিআইএ পরিচালক হিসেবে রাশিয়ায় তাঁর প্রথম জানা সফর। সফরকালে তিনি রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া আগামী কয়েক বছরে ন্যাটোর ঐক্য ও প্রতিরক্ষা প্রতিশ্রুতি পরীক্ষা করতে সীমিত পরিসরের কোনো পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর মধ্যে সাইবার হামলা, নাশকতা, ড্রোন অভিযান কিংবা সীমিত সামরিক অনুপ্রবেশের মতো কর্মকাণ্ড থাকতে পারে। বিশেষ করে ইউরোপের বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্যদের নিয়ে উদ্বেগ রয়েছে।

এ পরিস্থিতিতে র‍্যাটক্লিফের মস্কো সফরের অন্যতম উদ্দেশ্য ছিল রাশিয়াকে ন্যাটোর কোনো সদস্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরাসরি সতর্ক করা। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের কোনো পদক্ষেপ ন্যাটোর প্রতিরক্ষা জোটের প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পরীক্ষা করার চেষ্টা হতে পারে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প র‍্যাটক্লিফের মস্কো সফরের গুরুত্ব কিছুটা কমিয়ে দেখিয়েছেন। তিনি সফরটিকে ‘সেমি-রুটিন’ বা আংশিক নিয়মিত সফর হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি ন্যাটো নিয়ে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ কিংবা ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, র‍্যাটক্লিফ রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে পুতিনের সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি। র‍্যাটক্লিফের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি ক্রেমলিন বা সিআইএ।

সিবিএস নিউজ জানিয়েছে, বৈঠকে র‍্যাটক্লিফ ইরানের বিষয়টিও তুলেছিলেন। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক না হলে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে রাশিয়াকে সতর্ক করার কথাও আলোচনায় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‍্যাটক্লিফের এই সফরকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২১ সালে তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস মস্কো সফর করে পুতিনকে ইউক্রেনে হামলা না চালানোর বিষয়ে সতর্ক করেছিলেন। তার কয়েক মাস পরই ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।