জাপানের খ্যাতনামা অ্যাভাঁ-গার্দ শিল্পী ইয়াইয়ি কুসামা মারা গেছেন। ‘পোলকা ডট কুইন’ নামে বিশ্বজুড়ে পরিচিত এই শিল্পীর বয়স হয়েছিল ৯৭ বছর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাঁর প্রতিষ্ঠানের এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট টোকিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুসামা। তবে তাঁর মৃত্যুর খবর বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
দীর্ঘ অসাধারণ কর্মজীবনে শিল্পসৃষ্টিকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন কুসামা। তাঁর শিল্পকর্ম বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে এবং তিনি সমকালীন শিল্পের অন্যতম প্রভাবশালী ও পথপ্রদর্শক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন।
কুসামার সৃজনশীলতার পরিধি ছিল বিস্তৃত। চিত্রকলা ও ভাস্কর্যের পাশাপাশি পারফরম্যান্স আর্ট, সাহিত্য, কথাসাহিত্য ও কবিতাতেও তিনি কাজ করেছেন। বিশেষ করে অসংখ্য বিন্দু বা ‘পোলকা ডট’ ব্যবহারের স্বতন্ত্র শিল্পরীতির কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি অর্জন করেন।
১৯২৯ সালে জাপানের নাগানো প্রিফেকচারে জন্ম নেওয়া কুসামা তরুণ বয়সেই শিল্পচর্চা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং নিউইয়র্কের অ্যাভাঁ-গার্দ শিল্প আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।
তাঁর শিল্পে পুনরাবৃত্ত বিন্দু, আয়না, অসীমতার অনুভূতি এবং উজ্জ্বল রঙের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। তাঁর ‘ইনফিনিটি মিরর রুম’ সিরিজ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিশ্বজুড়ে বিভিন্ন প্রদর্শনীতে বিপুল সাড়া ফেলে।
জীবনের শেষ পর্যায়েও কুসামা নিয়মিত শিল্পকর্ম সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দীর্ঘ ক্যারিয়ার তাঁকে জাপানের অন্যতম পরিচিত শিল্পী এবং আন্তর্জাতিক সমকালীন শিল্পের একটি গুরুত্বপূর্ণ মুখে পরিণত করে।
কুসামার মৃত্যুতে বিশ্বশিল্প অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর অনন্য শিল্পভাষা ও দীর্ঘ সৃজনশীল উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের ওপরও গভীর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।



