প্রায় তিন বছর পর ২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ১১২ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) তাদের স্মরণে গণজানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহগুলো দাফন করা হয়।
২০২৩ সালের ২২ নভেম্বর, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মাথায় ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটির সাবরা (Sabra) এলাকার একটি আবাসিক ব্লকে ভয়াবহ বিমান হামলা চালায়। ওই হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন, যা পুরো যুদ্ধের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হয়।
হামলার পরপরই উদ্ধারকারীরা সীমিত সরঞ্জাম ও খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় ৪০টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে ভবনগুলো সম্পূর্ণ ধসে পড়ায় অধিকাংশ মরদেহ ধ্বংসস্তূপের গভীরে চাপা পড়ে যায়।
দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার তৎপরতার পর সম্প্রতি আরও ১১২টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও শোকাহত মানুষ একত্রিত হয়ে তাদের জন্য গণজানাজা আদায় করেন এবং মরদেহগুলো দাফন করা হয়।
হামলার সময় তীব্র যুদ্ধ, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং উদ্ধারকাজে ব্যাপক প্রতিবন্ধকতার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে হামলার ভয়াবহতার তথ্য প্রকাশ্যে আসে। যুদ্ধের প্রথম সাময়িক যুদ্ধবিরতির ঠিক আগে এই হামলায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।



