দেশের ম্যানুফ্যাকচারিং শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও পরিচালন দক্ষতা জোরদার করতে নতুন কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং ডেকো লিগ্যাসি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ডেকো ফুডস লিমিটেড।
চুক্তির আওতায় গ্রামীণফোনের উচ্চগতির সংযোগ সুবিধা এবং আধুনিক এন্টারপ্রাইজ ডিজিটাল সমাধান ব্যবহার করবে ডেকো ফুডস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও উৎপাদন প্রক্রিয়ায় গতিশীলতা আনার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করবে।
সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে (MoU) স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান এবং ডেকো লিগ্যাসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কল্পন হোসেন।
স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহিদুল আরাফিন, হেড অব পিপিও মো. মাহবুবুল আলম ভূঁইয়া, হেড অব প্রাইম অ্যাকাউন্টস আরভিদ চৌধুরী, হেড অব ইমার্জিং ঢাকা নর্থ সৌগত বিশ্বাস, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার হাসান হাফিজুর রহমান এবং মো. আশরাফ-উজ্জামান চৌধুরী। ডেকো ফুডসের পক্ষে প্রতিনিধিত্ব করেন চিফ অপারেটিং অফিসার (সিওও) এ. কে. এম. জাবেদ, হেড অব মার্কেটিং মো. নেয়ামুল কাদের, হেড অব সেলস সৈয়দ আবরার আহমেদ, হেড অব এইচআর মো. জহিরুল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. জশেদুল হক এবং হেড অব সাপ্লাই চেইন মো. বাজলুর রহমান।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, আধুনিক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে নির্ভরযোগ্য নেটওয়ার্ক সুবিধা ও প্রযুক্তিনির্ভর এন্টারপ্রাইজ সমাধানের বিকল্প নেই। এই ডিজিটাল অংশীদারত্ব প্রক্রিয়াকরণ খাতে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নেবে।
অন্যদিকে ডেকো লিগ্যাসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কল্পন হোসেন বলেন, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির মূল ভিত্তি হলো উদ্ভাবন। গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল সলিউশন ব্যবহারের মাধ্যমে ডেকো ফুডস তাদের সরবরাহ শৃঙ্খল ও গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।



