― Advertisement ―

‘প্রহসনের নির্বাচন’ অনুমোদন করবে না আসিয়ান, মিয়ানমার নির্বাচন নিয়ে কঠোর বার্তা

মিয়ানমারের সামরিক জান্তা আয়োজিত বিতর্কিত নির্বাচনকে স্বীকৃতি দেবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান (ASEAN)। মঙ্গলবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার সংসদে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান স্পষ্ট জানিয়েছেন, আসিয়ান এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না এবং এর ফলাফলকেও অনুমোদন দেবে না। সামরিক শাসনকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার এই প্রচেষ্টাকে জোটগতভাবে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে নিমজ্জিত। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন ধাপের এই নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো একটি ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনেই মিয়ানমার পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছিল, যা জোটগতভাবে নাকচ করে দেওয়া হয়েছে। আসিয়ান মনে করে, বর্তমান পরিস্থিতিতে কোনো অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

ইতিমধ্যে অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (USDP) অধিকাংশ আসনে জয় দাবি করেছে। তবে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। মোহাম্মদ হাসান আরও জানান, মিয়ানমার সংকটের পাশাপাশি আসিয়ান বর্তমানে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে একটি ‘আচরণবিধি’ (Code of Conduct) চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের একতরফা সার্বভৌমত্ব দাবির বিপরীতে সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষায় এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।