রাজধানীতে বাড়িভাড়া সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে বলা হয়েছে, ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে।আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ এর নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এক সংবাদ সম্মেলনে এই নির্দেশিকার কথা জানান।
জুন – জুলাই মাসে এই ভাড়া বাড়ানো, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং বাড়িভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি যাতে না হয় সেটিও ডিএনসিসির এই নির্দেশিকায় রয়েছে।
বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রীম ভাড়া নেওয়া যাবে না এবং আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তি বাতিল করতে হলে দুই মাসের নোটিশ দিয়ে দুইপক্ষই ভাড়ার চুক্তি বাতিল করতে পারবে এমন বিষয়সহ ১৬ টি নির্দেশিকা দিয়েছে ডিএনসিসি।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন – ১৯৯১ এর আলোকে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষকেই এই নির্দেশিকার বিষয়বস্তু মেনে চলতে হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জানুয়ারি মাসে বাড়ি ভাড়া বাড়ানো একটি সাধারণ প্রথা, যা বন্ধ করতে হবে। বাড়ি ভাড়া বৃদ্ধির সময় হবে বছরের নির্দিষ্ট অর্থবছরের জুন-জুলাই।



