সম্প্রতি ইরানের সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, ইরানবিরোধী সবশেষ রাষ্ট্রদ্রোহের ঘটনাটি ভিন্ন ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িয়ে পড়েছিলেন।
গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভে বিদেশি শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ত ছিল উল্লেখ করে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তারা কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।
ইরানে অস্থিরতার জন্য বরাবরই বিদেশি শক্তিকে দায়ী করে আসছে দেশটি। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিতিশীলতা তৈরি করেছে এবং মাঠপর্যায়ে অপারেশন পরিচালনা করেছে।
বিশ্লেষকদের মতে, এই প্রথম ইরানের সর্বোচ্চ নেতৃত্ব প্রকাশ্যে নিহতের সংখ্যা ‘হাজারের ঘরে’ বলে উল্লেখ করলেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবির সঙ্গে খামেনির বক্তব্য আংশিকভাবে মিলে যায়।
খামেনি সবাইকে সতর্ক করে বলেছেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত বাড়াতে চায় না, “আমরা দেশকে যুদ্ধে টেনে আনব না; কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না দিয়ে ছাড়ব না।”



