― Advertisement ―

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বৃহত্তম শহর করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় এক ডজন মানুষ।

শনিবার (১৭ জানুয়ারি) রাতের এই দুর্ঘটনার কথা জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তবে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে করাচির গুল প্লাজা শপিং মলে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন লাগার সময় বেশিরভাগ দোকান মালিক দোকান বন্ধ করছিলেন বা ইতোমধ্যে এলাকা ছেড়ে গিয়েছিলেন।

আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ঘটনার তদন্ত শুরু করা হবে। তবে করাচিসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভবনগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি প্রায়ই ঘটে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, সুরক্ষা পোশাক পরা দমকলকর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন। মই, পানি ছোড়ার কামান ও হোস ব্যবহার করে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ভবনের জানালা ও বারান্দা দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসে এবং ঘন কালো ধোঁয়া আশপাশের কয়েকটি এলাকা থেকে দেখা যায়।

কর্তৃপক্ষ জানায়, শপিং মলের একটি অংশে সংরক্ষিত আমদানি করা পোশাক, কাপড় ও প্লাস্টিকের গৃহস্থালি সামগ্রী দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।

উল্লেখ্য, সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে এ ধরনের অগ্নিকাণ্ড নতুন নয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে শহরের আরেকটি শপিং মলে আগুনে ১০ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিলেন।

সূত্র: এপি