নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৫টায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড অ্যামোনিশন, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে সেনা সদস্যরা।



