― Advertisement ―

মিয়ানমারে নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে চলতি বছরের ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। আজ সোমবার এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এ তথ্য জানিয়েছে।

তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনো সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন।

২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার। সেই সময় ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে কারাগারে পাঠায় জান্তা সরকার।

এর আগে সেনা সমর্থিত জান্তা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও মিয়ানমারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিকল্পনা পেছাতে হয় তাদের।

মিয়ানমারে গত তিন বছর ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সামরিক জান্তা।