― Advertisement ―

কমনওয়েলথ গেমস ২০২৬: বাংলাদেশী অ্যাথলেটদের ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা

চলতি মাসের শেষভাগে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য ‘কমনওয়েলথ গেমস ২০২৬’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের অ্যাথলেটদের জন্য এক জমকালো বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। আজ, ১৪ জুলাই ২০২৬ তারিখে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের গুলশানস্থ বাসভবনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ২০২৬ সালের এই মেগা স্পোর্টিং ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে ২০১৪ সালের পর এটি হবে দেশটিতে অনুষ্ঠিত তৃতীয় কমনওয়েলথ গেমস। এই আয়োজন কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর পারস্পরিক সংহতি রক্ষা এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে যুক্তরাজ্যের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, অদম্য নিষ্ঠা এবং অনন্য ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করা হয় এবং বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার প্রাক্কালে তাঁদের আন্তরিক শুভকামনা জানানো হয়। এবারের আসরে বাংলাদেশ দল মোট চারটি প্রধান ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে রয়েছে অ্যাথলেটিকস, বক্সিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস এবং সাঁতার। এ আয়োজন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘস্থায়ী ও নিবিড় অংশীদারত্বকে আরও এক ধাপ সুদৃঢ় করার পাশাপাশি আধুনিক কমনওয়েলথের মৌলিক মূল্যবোধকে তুলে ধরেছে।

এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া অ্যাথলেটদের পাশাপাশি বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিনিধি দল, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানগণ এবং ক্রীড়া ও গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্লাসগো গেমসের এই বিদায়ী মঞ্চে উপস্থিত অতিথিরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক উন্নয়ন এবং অ্যাথলেটদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সক্ষমতা অর্জনের প্রশংসা করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “কমনওয়েলথ গেমস সত্যিই এক অনন্য বৈশ্বিক আয়োজন। এটি পারস্পরিক সম্মান, সমতা এবং সুযোগের অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী এক বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীকে একই সুতোয় বেঁধে দেয়। বাংলাদেশের একঝাঁক প্রতিভাবান ক্রীড়াবিদ আর মাত্র কয়েক দিনের মধ্যেই গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হবেন; আমি তাঁদের সকলের জন্য আমার আন্তরিক শুভকামনা ব্যক্ত করছি।”