বিশেষ প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যা নিরসনের জন্য নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করে উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য শুচিতা শরমিন।
গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। ওইদিনই তিনি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য শুচিতা শরমিন। এসময় তিনি ফুল দিয়ে উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে অভিনন্দন জানান। পরে উপাচার্য নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা ও সংকটের বিষয়টি তুলে ধরেন। এসময় নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠক শেষে উপাচার্য শুচিতা শরমিন মুঠোফোনে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজ নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছি। এসময় এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উপদেষ্টাকে অবহিত করেছি এবং সংকট সমাধানে তাঁর কার্যকর হস্তক্ষেপ চেয়েছি। তিনি আমাদের সব ধরনের সহযোগিতা এবং সংকট সমাধানের জন্য যা যা করা দরকার সাধ্য মতো করবেন বলে আশ্বস্ত করেছেন।



