বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গবেষণা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন হিট প্রকল্পের একাডেমিক ইনোভেশন ফান্ডের গবেষণা উপ-প্রকল্প নির্বাচন কার্যক্রম চলছে।
এ উপ-প্রকল্প নির্বাচন কার্যক্রম সরাসরি তদারকি করছেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা ও স্বচ্ছতা পর্যবেক্ষণ করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, হিট প্রকল্পের একাডেমিক ইনোভেশন গবেষণা উপ-প্রকল্প নির্বাচনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীদারদের মাঝে আস্থার পরিবেশ তৈরি করতে প্রকল্প প্রস্তাব মূল্যায়নের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
গত ২৯ জুলাই বুধবার সকালে হিট প্রকল্পের আওতায় ‘উপ-প্রকল্প মূল্যায়ন’ পরিচিতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমিতে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে গবেষণা প্রকল্প মূল্যায়নকারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, একাডেমিক ইনোভেশন ফান্ডের আওতায় প্রথম পর্বে উপ-প্রকল্পের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে গবেষক মহলের একটি অংশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা দূর করে গবেষকদের আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।
ইউজিসি চেয়ারম্যান জানান, দ্বিতীয় ধাপের গবেষণা প্রকল্পের আহ্বান চলতি বছরের শুরুতে করা হলেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবে প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় লেগেছে। প্রকল্প প্রস্তাবের নির্ধারিত তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় প্রায় দুই তৃতীয়াংশ আবেদন প্রাথমিক পর্যায়েই বাদ পড়েছে।
তিনি বলেন, প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে আবেদনকারীদেরকে নির্ধারিত আবেদন নির্দেশনা দিলেও অধিকাংশ তা না মানায় প্রাথমিক পর্যায়েই বাদ পড়েছে বিশাল সংখ্যক আবেদন। তাছাড়াও আন্তর্জাতিক মানের নির্বাচন প্রক্রিয়া অবলম্বনে স্বতন্ত্র পরিচিতি নম্বর ও লটারির মাধ্যমে মূল্যায়নকারী নির্বাচন সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে ব্যক্তি নির্ভরতা কমে নিরপেক্ষতা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, প্রকল্প মূল্যায়নে একজন মূল্যায়নকারী একদিন একটির বেশি প্রকল্প মূল্যায়ন করতে পারবেন না, এতে পর্যালোচনার সুযোগ থাকবে। তাছাড়া মূল্যায়নকারীদের কঠোর গোপনীয়তা বজায় রাখার ব্যাপারেও দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় সভায় ইউজিসির সদস্যবৃন্দ সহ হিট প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



