বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে বিরোধী দলকে দমনের জন্য খুন, গুম, গায়েবি মামলাসহ মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে।
ক্রসফায়ারের নামে সাজানো ওই হত্যাকাণ্ডের নাটক ছিল এর মধ্যে সবচেয়ে নিষ্ঠুরতম রাষ্ট্রীয় মিথ্যাচার।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে গত ১৫ বছরের এসব নারকীয় হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আগৈলঝাড়া বিএইচপি একাডেমী ময়দানে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদল নেতা টিপু ও কবিরকে ক্রসফায়ারের নামে হত্যার স্মরণ ও বিচারের দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন,ফ্যাসিবাদী সরকার গত ১৫ বছরে রাষ্ট্রীয় বাহিনীকে যথেচ্ছা ব্যবহার করে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, গুম-নির্যাতন চালিয়েছে।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি আগৈলঝাড়ার ছাত্রদল নেতা টিপু ও কবিরকে এর ধারাবাহিকতায় ক্রসফায়ারের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই।
তিনি আরও বলেন, দেশবাসী অবিলম্বে সকল খুন, গুম ও লুণ্ঠনের বিচার চায়। বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণের ক্ষোভকে পুঁজি করবে নৈরাজ্য সৃষ্টিকারী দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীরা।
এসময় তিনি অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজ শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা বশির আহমেদের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সরোয়ার আলম প্রমুখ।
বিএম/জ /রা



