রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে গত ছয় দশকের রেকর্ড ভেঙে ভয়াবহ তুষারপাত হয়েছে। গত ৬০ বছরের মধ্যে এমন তুষারপাত অঞ্চলটিতে আর দেখা যায়নি। প্রাকৃতিক এই সৌন্দর্যে পর্যটকরা অভিভূত হলেও স্থানীয় জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কয়েক মিটার উঁচু বরফের স্তূপ তৈরি হওয়ায় ভবনের প্রবেশপথ রুদ্ধ হয়ে গেছে এবং শত শত ব্যক্তিগত গাড়ি তুষারের নিচে হারিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, জানুয়ারির প্রথম ১৫ দিনেই কিছু এলাকায় তুষারপাতের পরিমাণ ২ মিটার (প্রায় ৬.৫ ফুট) ছাড়িয়ে গেছে। এর আগে ডিসেম্বরে সেখানে তুষার জমেছিল প্রায় ৩.৭ মিটার। তুষারের উচ্চতা এতই বেশি যে অনেক জায়গায় ট্রাফিক সিগন্যাল বা রাস্তার নির্দেশক চিহ্নের সমান উঁচু স্তূপ তৈরি হয়েছে। ফলে আধুনিক প্রযুক্তির চার চাকার গাড়িগুলোও চলাচলে ব্যর্থ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বেলচা হাতে নিজেদের ঘর ও অ্যাপার্টমেন্টের সামনে থেকে বরফ সরিয়ে পথ তৈরির আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।



