― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

বাংলাদেশে প্রতিদিন হৃদ্‌রোগে ৫৬২ জনের মৃত্যু হয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদ্‌রোগ। দেশে প্রতিদিন হৃদ্‌রোগে ৫৬২ জন মানুষ মৃত্যুবরণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, হৃদ্‌রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে।

দেশে হৃদ্‌রোগাক্রান্ত মানুষের সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে প্রতিবছর কত মানুষ হৃদ্‌রোগে আক্রান্ত হন, হৃদ্‌রোগে ভোগা মানুষের সংখ্যা কত, কত শিশু হৃৎপিণ্ডের ত্রুটি নিয়ে জন্মাচ্ছে, প্রতিবছর কত মানুষ হৃদ্‌রোগে মারা যাচ্ছেন, তার কিছু নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক উদ্যোগ থেকে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন বেশ কিছু রোগের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেড় দশকের বেশি সময় ধরে গবেষণা করে আসছে।

বাংলাদেশসহ প্রায় ২০০টি দেশ নিয়ে তারা গবেষণা করছেন। বিভিন্ন ধরনের হৃদ্‌রোগ-সংশ্লিষ্ট পরিসংখ্যান তাদের গবেষণা থেকে পাওয়া যায়। রোগের তালিকায় বিভিন্ন ধরনের হৃদ্‌রোগও রয়েছে।

তাদের হিসাবে বাংলাদেশে প্রতিবছর ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ হৃদ্‌রোগে মারা যান। অর্থাৎ দৈনিক ৫৬২ জনের মৃত্যু হচ্ছে হৃদ্‌রোগে।

ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি পাঁচটি অকালমৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী হৃদরোগ। বিশ্বে প্রতিবছর হৃদ্‌রোগে ২ কোটি ৫ লাখ মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে, দক্ষিণপূর্ব এশীয় অঞ্চলে প্রতি মিনিটে ৮ জন রোগী মারা যান। এমনকি এ অঞ্চলে ৭০ বছরের কম বয়সিদের অকালমৃত্যুর প্রধান কারণ উচ্চ রক্তচাপ। যাদের মধ্যে ৮৫ ভাগ মারা যান ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হৃদ্‌রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল। সুতরাং হৃদ্‌রোগ থেকে যেন বেঁচে থাকা যায়, সেই চেষ্টা জোরদার করতে হবে। এটা প্রমাণিত যে ৮০ শতাংশ হৃদ্‌রোগ প্রতিরোধযোগ্য। এ জন্য মানুষের মধ্যে এই রোগটির ঝুঁকি ও প্রতিরোধের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স আন্ড ইভালুয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে কোনো না কোনো হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভুগছেন অনুমিত ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১৯০ জন। অন্যদিকে দেশে প্রতিবছর নতুন করে ৯ লাখ ৯২ হাজার ৭৩৬ জন হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন। এর অর্থ প্রতিদিন আনুমানিক ২ হাজার ৭২০ জন বাংলাদেশি হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালট্যান্ট ডা. মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিক স্ক্রিনিং, নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে ৮০ ভাগের বেশি হৃদরোগজনিত অকালমৃত্যুর প্রতিরোধ করা যায়।

তিনি আরো বলেন, নিয়মিত উচ্চরক্তচাপ পরীক্ষা, কোলেস্টেরল বা ডায়াবেটিসের মতো নীরব ঝুঁকি শনাক্ত, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অনিয়মিত হৃৎস্পন্দন উপেক্ষা না করা। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং ধূমপান পরিত্যাগের মাধ্যমে হৃদ্‌রোগের ঝুঁকি এড়ানো সম্ভব।