আন্তর্জাতিক ডেস্ক
বঙ্গোপসাগরের তলদেশে প্রকৃতিক গ্যাসের মজুত বাংলাদেশ এখনও কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, ‘আমাদের বিরাট বঙ্গোপসাগর। কিন্তু আপনারা কোনদিন শুনেছেন, সমুদ্র থেকে গ্যাস পেয়েছি? কিন্তু আশপাশের দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে, আমাদের গ্যাসও তারা নিয়ে যাচ্ছে। ওখানে কোনো সীমারেখা, কোনো বর্ডার আছে নাকি? পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আর আমরা বসে বসে আঙুল চুষছি ‘
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশ ও জাতি পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসীরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ। এখন আমরা নিজেরা খেলবো।’
তিনি বলেন, ‘সমুদ্রের নিচে গ্যাস আছে এটা নিশ্চিত, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা যদি এগুলোও খেতে না পারি, এর থেকে দুঃখের আর কী থাকতে পারে!’
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন।



