― Advertisement ―

নাসার সঙ্গে চুক্তিতে নতুন দিগন্তে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ। এর মাধ্যমে ৫৪তম দেশ হিসেবে নাসার মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের জন্য নভোচারী হওয়ার পথ উন্মুক্ত হলো।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ ঘোষণা দেন। তিনি বলেন, “আজকের এই পদক্ষেপ আমাদের আগামী প্রজন্মকে মহাকাশ অভিযানের স্বপ্ন ছুঁতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডস-এ সই করার মাধ্যমে বৈশ্বিক মহাকাশ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তবে এর বাস্তব সুফল পেতে আরও ২০-২৫ বছর সময় লাগবে। তরুণ প্রজন্মের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এখন মহাকাশ অভিযানের নতুন যাত্রায় শামিল হলো।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশ একাধিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। চৌধুরী আশিক মাহমুদ বলেন, “রিফর্মের একটি দীর্ঘ তালিকা রয়েছে, যা বাস্তবায়নে সময় লাগবে। তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি।”

এছাড়া বিডা চেয়ারম্যান জানান, ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং চলতি বছরের মধ্যে এক বিলিয়ন ডলার ফান্ডিং সাপোর্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এনডিবির ঋণ সহায়তা বিশ্ব ব্যাংকের তুলনায় অপেক্ষাকৃত সহজ শর্তে পাওয়া যাবে এবং এটি একাধিক মুদ্রায় গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনসহ দুই দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। ভবিষ্যতে বাংলাদেশি তরুণরা নভোচারী হয়ে মহাকাশের অজানা জগৎ অন্বেষণ করতে পারবে।

বিএম/সজীব