― Advertisement ―

নিশংস হামলায় গাজায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

ডেস্ক রিপোর্টঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরায়েলি আগ্রাসনে রক্ত ঝরেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনভর ইসরায়েলি বাহিনীর চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের ৬ জন সদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, নতুন এই হত্যাযজ্ঞে গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৮০০ ছাড়িয়েছে।

মেডিকেল সূত্রগুলো বলছে, গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি, গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রের কাছে বিমান হামলায় নিহত হয়েছেন আরও চারজন বেসামরিক নাগরিক।

পশ্চিম গাজা শহরে সাবেক এক ফুটবল খেলোয়াড়ও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এ ছাড়া তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহরত ফিলিস্তিনিদের ওপর ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও দুইজন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহর এবং আল-মাওয়াসি এলাকার বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো বোমা হামলায় তিন শিশুসহ আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ইউনিভার্সিটি কলেজের কাছে গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন আরও একজন।

মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবির ও রাফাহ শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে। এদিকে, গাজার উপকূলীয় এলাকাগুলোতেও ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত নতুন করে ১,৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৬০০ জনের বেশি আহত হয়েছেন।

ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারাধীন রয়েছে।

বিএম/সজীব