ডেস্ক রিপোর্টঃ ডোমিনিকান রিপাবলিকে এক ভয়াবহ দুর্ঘটনায় নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে সান্তো ডোমিঙ্গো শহরের ‘জেট সেট’ নামের একটি জনপ্রিয় নাইট ক্লাবে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পেশাদার বেসবল খেলোয়াড়ও রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, আহত অবস্থায় অন্তত ১৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় ক্লাবের ভেতরে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন এবং একটি কনসার্ট চলছিল।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে এবং উদ্ধারে অন্তত ২২টি সরকারি সংস্থার কর্মীরা একযোগে কাজ করছেন।
ড্রোনে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, ক্লাবের ছাদের মাঝখানে একটি বড় গর্ত তৈরি হয়, যেখানে বেশিরভাগ দর্শক অবস্থান করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যান্ডের পরিবেশনের সময় ক্লাবের পেছন দিকে কিছু পড়ার শব্দ হয়, তারপরই ছাদের লাইটসহ পুরো কাঠামো ধসে পড়ে। মুহূর্তের মধ্যে গোঙানি ও চিৎকারে ভরে যায় চারদিক, এরপর ভিডিওটি কালো হয়ে যায়।
তবে ঠিক কী কারণে ছাদ ধসে পড়েছে, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তদন্ত চলছে।
বিএম/সজীব



