ডেস্ক রিপোর্টঃ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্কসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান করেন। খবর বিবিসি, আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।
যুক্তরাষ্ট্র:
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশাল বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন অংশ নেয়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করেন এবং ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান। প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও অ্যানসার কোয়ালিশন এই বিক্ষোভের সহপৃষ্ঠপোষক ছিল।
মরক্কো:
রাজধানী রাবাতে অনুষ্ঠিত বিশাল সমাবেশে হাজারো মানুষ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ ঠেকাতে মার্কিন সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা ট্রাম্প প্রশাসনের প্রস্তাবকে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে আখ্যায়িত করেন।
তুরস্ক:
আঙ্কারাসহ বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘স্বাধীন ফিলিস্তিন চাই’ ইত্যাদি স্লোগান তোলেন।
ফিলিস্তিন:
নিজ দেশেও ফিলিস্তিনিরা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট পালন করেন। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলোর ডাকে পালিত এই ধর্মঘটে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করা হয়।
বিএম/সজীব



