― Advertisement ―

কঙ্গোর কোয়া নদীতে নৌকাডুবি, নিহত ২৫

ডেস্ক রিপোর্টঃ মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলের কোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মাই-নডোম্ব প্রদেশের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, প্রাথমিকভাবে ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আর বেঁচে যাওয়া যাত্রী সংখ্যা ৩০ জন।

নৌকাটিতে নাগাম্বোমি গ্রামের একদল ফুটবলার ছিল, যারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিল। স্থানীয় সময় রাত ১১টার দিকে মুশি বন্দর থেকে ছেড়ে যাওয়া নৌকাটি প্রায় ১২ কিলোমিটার ভ্রমণের পর দুর্ঘটনার শিকার হয়।

নৌকাডুবির মূল কারণ হিসেবে রাতের অন্ধকারে নৌযান চলাচলকেই সন্দেহ করা হচ্ছে। তবে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, ডিআর কঙ্গোর নদীগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরেও একই এলাকায় আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেখানে বহু প্রাণহানি হয়েছিল।

বিএম/সজীব