― Advertisement ―

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের দুই কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ডেস্ক রিপোর্টঃ গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে যুক্তরাজ্যের দুই কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে হবে।

সোমবার (১১ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের ওই দুই কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দাবি করেছে, এই কূটনীতিকদের আচরণ রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এ ঘটনার পর মস্কোয় নিযুক্ত যুক্তরাজ্যের একজন কূটনীতিককে তলব করা হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্যের দূতাবাস।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-যুক্তরাজ্যের সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে যুক্তরাজ্য সরাসরি কিয়েভের পাশে রয়েছে। সম্প্রতি ইউক্রেনের জন্য ২৮০ কোটি ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য, যা রাশিয়ার অসন্তুষ্টির অন্যতম কারণ হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে নতুন আলোচনার উদ্যোগ নেওয়া হলেও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমশই শীতল হয়ে যাচ্ছে। এই বহিষ্কার-পদক্ষেপ সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিএম/সজীব