ডেস্ক রিপোর্ট: ভারতে দশম শ্রেণির ৮০ ছাত্রীকে শার্ট খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে বেসরকারি স্কুলের এক প্রিন্সিপালের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ, ছাত্রীদের শার্ট খুলে ব্লেজার পরে বাড়ি ফিরে যেতেও বাধ্য করা হয়েছে। ধানবাদ জেলা প্রশাসক (ডিসি) মাধবী মিশ্র জানান, শুক্রবার ধানবাদের জোড়াপোখর থানার অধীন দিগওয়াদিহ এলাকার একটি নামী স্কুলে এমন ঘটনা ঘটেছে।
দেশটির একজন কর্মকর্তা শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার পরে দশম শ্রেণির ছাত্রীরা ‘পেন ডে’ উদযাপন করছিল এবং পরস্পরের শার্টে বার্তা লিখছিল। কিন্তু স্কুলের প্রিন্সিপাল ওই উদযাপনে আপত্তি জানান। এনিয়ে ছাত্রীরা প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। তবে এরপরেও ছাত্রীদের শার্ট খুলতে বলেন প্রিন্সিপাল।
অভিভাবকরা ডিসিকে জানান, ছাত্রীদের শার্ট ছাড়া ব্লেজার পরে বাড়ি পাঠানো হয়েছে।
সূত্রঃএনডিটিভি
বিএম/জ/রা



