― Advertisement ―

কানাডা-যুক্তরাষ্ট্র এক হলে এটি হবে ‘অসাধারণ দেশ’: ট্রাম্প

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো আলোচনায় এসেছেন তার বিতর্কিত মন্তব্যের জন্য। সোমবার (৬ জানুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প মন্তব্য করেন, “যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তবে এটি হবে একটি অসাধারণ দেশ।”

তিনি আরও বলেন, “এতে শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং কানাডা রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকে নিরাপদ থাকবে। কানাডার অনেক নাগরিক মনেপ্রাণে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়।”

ট্রাম্প দাবি করেন, কানাডার অস্তিত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্রকে বড় অংকের বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি বহন করতে হচ্ছে। তিনি বলেন, “জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এ কারণেই তিনি পদত্যাগ করেছেন।”

গ্রিনল্যান্ড কেনার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ট্রাম্প
এটি প্রথম নয়, এর আগেও ট্রাম্প এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করে তিনি সমালোচনার মুখে পড়েন। সেই সময় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে ট্রাম্পের প্রস্তাবের কঠোর জবাব দেন।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, “বিশ্বের নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি।” তার এমন বক্তব্যের পর গ্রিনল্যান্ডে নিরাপত্তা জোরদার করা হয়।

এছাড়া, অতীতে পানামা খাল দখলের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। তার এই ধরনের মন্তব্য তাকে বারবার আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কানাডা ও আন্তর্জাতিক মহল কী প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়।

বিএম/সজীব