বরিশাল মেইল ডেস্ক:
পটুয়াখালীর দুমকিতে দুবছর আগের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল আকন (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)।
থানা পুলিশ সূত্র জানায়, ২০২২ সালে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা, বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় যুবদল নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮৮ জনের নাম উল্লেখ করে আরও আড়াইশ’ জন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুমকি থানায় একটি মামলা দায়ের করেছে। (মামলা নম্বর -০১/২৪, তাং ৭/১১/২৪)। ওই মামলায় আটককৃত ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ করার কথা রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে।



